সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
সীতাকুণ্ডে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেরী ও জলিকে একক প্রার্থী ঘোষণা করায় এমপির বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
জানা যায়, একটি অনুষ্ঠানের সমাপ্তিলগ্নে স্থানীয় সাংসদ আলহাজ দিদারুল আলম আগামী ১৮ মার্চ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী ২ জনের নাম ঘোষণা করেন। তারা হলেন, মো. আলাউদ্দিন সাবেরী ও মহিলা পদে জয়নব বিবি জলি। কিন্তু অন্য ৫ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এ ধরনের ঘোষণা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন বলে সভাস্থল ত্যাগ করেন।
কারণ নির্বাচনী তফসিল ঘোষণার পর পর আওয়ামী লীগের কেন্দ্রীয়ভাবে ভাইস চেয়ারম্যান পদটি উন্মুক্ত করে দেয় বলে তাদের অভিযোগ। তাই তারা সর্বশক্তি দিয়ে নির্বাচনে লড়াই করে যাবে। সুতরাং স্থানীয় সাংসদ কারো পক্ষে না গিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুধাবন করবেন এবং মানবেন এই আশা তাদের।
এদিকে এমপির নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন উল্লেখ করে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আ. লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম এবং সলিমপুর ইউনিয়ন আ. লীগের সভাপতি কাজী গোলাম মহিউদ্দিন বলেন, আমরা এমপির এধরনের ঘোষণা মানি না। এধরনের একক কিছু হবে জানতে পেরে অধিকাংশ তৃণমূলের নেতা-কর্মীরা সভাস্থল থেকে বেরিয়ে যায়।
এ ব্যাপারে স্থানীয় সাংসদ আলহাজ দিদারুল আলমের কাছে মোবাইলে কয়েকবার ফোন করে রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
