চট্টগ্রাম অফিস
মিরসরাই উপজেলার জোরারগঞ্জে ৬০০ পিস স্বর্ণের বারসহ পুলিশের হাতে গ্রেপ্তার দুই স্বর্ণ চোরাচালানকারীকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল্লাহ কায়সারের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত সূত্র জানায়।
আদালত সূত্র আরো জানায়, জোরারগঞ্জ থানা-পুলিশ দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত প্রত্যেকের জন্য পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রামে বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতা দিবস উদযাপনে সভা
বাংলাদেশ ইতিহাস সম্মিলনী চট্টগ্রাম জেলা শাখা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন ও মহান স্বাধীনতা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালনের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার নগরীর মোমিন রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সংগঠনের সভাপতি ও ইতিহাসের খসড়া সম্পাদক মুহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আহসানুল কবির পলাশ প্রমুখ।
