সিলেটে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১১ প্রতিষ্ঠানকে পুরস্কার

আপডেট : ১১ জুলাই ২০১৫, ১১:৪৬
সিলেটে জেলা পর্যায়ে সর্বোচ্চ সংযোজন কর (মুসক) ভ্যাট প্রদানকারী ১১টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়েছে। শুক্রবার সিলেটে তাদের পুরস্কৃত করা হয়।
 
জাতীয় মূসক দিবস ও মূসক সপ্তাহ উপলক্ষে শুক্রবার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট-এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপশহরস্থ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট-এর অফিস কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি অভিজাত হোটেলে এসে আলোচনা সভা করা হয়। 
 
মূল্য সংযোজন কর (মূসক) দাতাদের উদ্বুদ্ধকরণ ও মূসক কর্মকর্তাদের মধ্যে সেবার মানসিকতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই আলোচনা সভায় সিলেট বিভাগের সকল জেলা পর্যায়ের সর্বোচ্চ সংযোজন কর (মুসক) ভ্যাট প্রদানকারি ১১টি প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত করা হয়। 
 
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো সানটেক এনার্জি লিমিটেড, পাঁচ ভাই রেস্টুরেন্ট, আড়ং (ব্র্যাক), মেসার্স স্টার সিরামিকস, মেসার্স হোটেল আমাদ, রহমান এন্টারপ্রাইজ, ভাড়াউড়া চা বাগান, সাউদার্ন অটোমোবাইল লিঃ, মেসার্স নূর লাইম ওয়ার্কস, ফুলকলি, মেসার্স আবুল লেইছ এন্ড সন্স। 
 
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, আমরা দেশের নাগরিক হিসেবে সরকারের নিকট হতে সকল নাগরিক সুবিধা পাওয়ার জন্য মুসক প্রদান করবো। মুসক প্রদানের মাধ্যমে সরকারের হাতকে আরো শক্তিশালী করবো। তিনি ভ্যাট প্রদানে সকলের অংশগ্রহণের আহ্বান জানান।
 
এমপি মাহমুদ উস সামাদ বলেন, সরকার সর্বোচ্চ ভ্যাট প্রদানকারিদের উৎসাহিত করছে। তাদেরকে বিভিন্ন সুযেগা সুবিধা দেওয়া হচ্ছে। প্রাপ্ত ভ্যাটের অর্থ দিয়ে দেশের উন্নয়ণ আরো তরান্বিত হচ্ছে।
 
সভাপতির বক্তব্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান বলেন, অনেক অস্থিতিশীলতার মধ্য দিয়েও বিগত বছরগুলোর ন্যায় এবারের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট প্রচেষ্টা নির্ভর খাতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব অর্জনে সক্ষম হয়েছে। 
 
তিনি বলেন, সিলেট অঞ্চলের ব্যাবসায়ীদের সদিচ্ছা ও মূসক কর্মকর্তাদের প্রচেষ্ঠার ফলে বিগত সময়ের চেয়ে গত ২ বছরে মূসক আদায় প্রায় দ্বিগুণ হয়েছে।