২৫ জুলাই ছাত্রলীগের ২৮তম সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে

আপডেট : ১১ জুলাই ২০১৫, ১৫:৪২

আগামী ২৫ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রীর নির্দেশেই তা সোহরাওয়ার্দী উদ্যানে করা হবে। শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগ আয়োজিত ‘২৮তম জাতীয় সম্মেলন প্রস্তুতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, মনোনয়ন ফরম জমা দেয়ার সময় প্রার্থীকে এসএসসি পাসের মূল সনদের ফটোকপিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জমা দিতে হবে। এছাড়া বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান ও নিয়মিত ছাত্রত্বের প্রতয়ন পত্রও সঙ্গে থাকতে হবে এবং সদ্য তোলা ৩ কপি ছবি আবেদন ফরমের সাথে জমা দিতে হবে।  

তিনি বলেন, প্রার্থীকে ১৫ জুলাইয়ের মধ্যে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জনতা ব্যাংক লি. এর রমনা শাখায় ছাত্রলীগের ৩৪০৭৯৪১৯ নং সঞ্চয়ী হিসাব নাম্বারে ৩ হাজার টাকার ব্যাংক পে-অডার অথবা সরাসরি কেন্দ্রীয় কার্যালয়ের নির্বাচন কমিশনারের কাছে টাকা জমা দিয়ে ২৮তম জাতীয় কাউন্সিলের ফরম সংগ্রহ করা যাবে।  

ছাত্রলীগ সভাপতি বলেন, গত ১০ জুলাইয়ের মধ্যে যেসকল জেলা শাখা ২৫জন কাউন্সিলরের নাম জমা দেয়নি সেসকল শাখাকে আগামী ১৩ জুলাইয়ের মধ্যে কেন্দ্রীয় দফতরে অথবা নির্বাচন কমিশনারের কাছে স্ব-স্ব ইউনিটের কাউন্সিলরদের তালিকা জমা দেয়ার আহ্বান জানানো যাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, শামসুল কবির রাহাত, হাসানুজ্জামান তারেক, ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স, ঢাকা মহানগর দক্ষি ছাত্রলীগের সভাপতি বায়েজিদ খান সহ কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।