খুলনা অফিস
বকেয়া মজুরি, মজুরি কমিশন, গ্র্যাচুইটি, পিএফ এর টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ৯ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে খুলনার শিল্পাঞ্চল। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকরা খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে বিক্ষোভ মিছিল করেন। এতে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলিম ও ইস্টার্ন মিলের শ্রমিকরা অংশ নেয়।
মিছিলপূর্ব সমাবেশে বক্তৃতা করেন কেন্দ্রীয় পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার উদ্দিন, শ্রমিক নেতা সেলিম আকন, কাওসার আলী মৃধা, মো. মুরাদ হোসেন, মো. সোহরাব হোসেন, হেমায়েত উদ্দিন আজাদী, আবু দাউদ দ্বীন মোহাম্মাদ প্রমুখ।
শ্রমিক নেতারা বলেন, সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উত্পাদনশীলতা কমিশন-২০১৫ এর রোয়েদাদসহ উল্লিখিত দাবি ও সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকের বীমার বকেয়া প্রদান, টার্মিনেশন, বরখাস্ত শ্রমিকদের কাজে পুনর্বহাল, বরখাস্ত শ্রমিক, কর্মচারীদের শ্রম আদালত ও শ্রম ট্রাইব্যুনালে মামলার রায় পাওয়ার পর কর্তৃপক্ষ নিয়োগকৃত আইনজীবী মামলা না চালানোর মতামত দেওয়া সত্ত্বেও বিজেএমসি উচ্চতর আদালতে আপিল করার ফলে মিলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা, সেটআপ অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্দ, উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করাসহ ৯ দফা বাস্তবায়নের জন্য তাদের এ আন্দোলন। এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন কর্মসূচির একটি দাবিনামা বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের নেতারা বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিজেএমসি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, শ্রম অধিদপ্তর মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে পাঠিয়েছে। কিন্তু আমাদের দাবিগুলো এখনও বাস্তবায়ন না হওয়ায় আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।
পলাশ (নরসিংদী) সংবাদদাতা জানান, পাটকল শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়ন, শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি ও পাট ক্রয়ের টাকাসহ ৯ দফা দাবিতে ঘোড়াশালস্থ বাংলাদেশ জুটমিলের শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল সোমবার সকালে মিলের উত্পাদন বন্ধ রেখে প্রায় তিন হাজার শ্রমিক ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিলের প্রধান ফটকের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে।
বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ব্যানারে সমাবেশে মিলের সিবিএ সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন-সিবিএ সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সিবিএ সহ-সভাপতি সাহেব আলী, যুগ্ম সম্পাদক আলম মিয়া ও হারুন অর রশিদ প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিকদের প্রস্তাবিত মজুরি বাস্তবায়ন, শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরি, শ্রমিকদের গ্রাচ্যুইটির টাকা ও পাট ক্রয়ের টাকাসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
