রাজশাহীর গোদাগাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার দুপুরে উপজেলার লস্করহাটি গ্রামে এই ঘটনা ঘটে। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লস্করহাটি গ্রামের আলফাজ উদ্দীনের ছেলে মিঠনের সঙ্গে বাড়ির বসত ভিটা নিয়ে বিরোধ রয়েছে বাসুদেবপুর গ্রামের আয়েশ উদ্দীনের ছেলে জাহাঙ্গীরের বিরোধ চলছিল। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে জাহাঙ্গীর বাড়ির দখল নিতে গেলে মিঠনের সঙ্গে মরামারির ঘটনা ঘটে। এ সময় মিঠন ও সাইমন নেসা নামে এক বৃদ্ধা আহত হয়। এই খবর ছড়িয়ে পড়লে মিঠনের ভাই মুকুল, টুটুল, ডলার ও তাদের পক্ষের লোকজন ঘটনাস্থলে এসে জাহাঙ্গীরকে বাড়িতে খুটির সঙ্গে বেঁধে রেখে লোহার রড ও লাঠি দিয়ে বেদম পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজিজুল নামে একজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী তাজেনুর বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ
এ প্রসঙ্গে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ হত্যার সঙ্গে জড়িতদেরকে আটকের চেষ্টা চালাচ্ছে।
