ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন, মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রামের আবু সিদ্দিকির ছেলে আব্দুর রশিদ ও আব্দুল মোমিনের ছেলে তরিকুল ইসলাম। আহত হওয়ার পর আব্দুর রশিদকে বিএসএফ তুলে নিয়ে গেছে।
আহত অবস্থায় পালিয়ে আসা তরিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতে আটজনের একটি দল জিরো লাইন পার হয়ে কাটাতারের বেড়া ডিঙ্গিয়ে ভারতে গরু আনতে যায়। ভোরে খাগড়া গ্রাম থেকে তারা গরু নিয়ে বাংলাদেশে ফিরছিল। এ সময় ফতেপুর ক্যাম্পের বিএসএফ টের পেয়ে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তার চাচা আব্দুর রশিদ পড়ে যায়। তারও পিঠে গুলি লাগে। সে আহত অবস্থায় অন্যদের সাথে বাংলাদেশে পালিয়ে আসে। চাচাকে বিএসএফ তুলে নিয়ে যায়।
মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম জানান, আহত রশিদ নদীয়ার জেলা সদর শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তার জানতে পেরেছেন।
শনিবার বিকালে লড়াইঘাট সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি বিএসএফ’র মধ্যে ফ্লাগ মিটিং হয়েছে।
