বাম মোর্চার রোড মার্চ ১৬ থেকে ১৮ অক্টোবর

আপডেট : ১১ জুলাই ২০১৫, ১৮:৫৩
 
 
 
সুন্দরবন রক্ষাসহ ১২ দফা দাবিতে আগামী ১৬ থেকে ১৮ অক্টোবর রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।
 
এর আগে ৪ সেপ্টেম্বর সংগঠনের ঢাকাসহ সারা দেশের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে দেশের ৮টি বিভাগীয় শহরে এ বিষয়ে জনসভা করবে বাম মোর্চা।
 
শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডের নির্মল সেন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক।
 
১২ দফা কর্মসূচির মধ্যে রয়েছে—দেশে রাজনৈতিক দুঃশাসন মোকাবিলা, গণতান্ত্রিক অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গণতান্ত্রিক পন্থায় নির্বাচন ব্যবস্থা, দমন-পীড়ন, গুন, খুন, বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি রোধ, ধানসহ ক‍ৃষিপণ্যের লাভসহ মূল্য নিশ্চিত করা, শ্রমজীবী ও মেহনতি মানুষের বাঁচার জন্য মজুরি, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা, অবিলম্বে সুন্দর ধংসকারী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুত্ প্রকল্প বন্ধ, সমতা অনুযায়ী তিস্তার পানির ন্যায্য হিস্যাসহ ১২ দফা কর্মসূচি ঘোষণা করা।
 
সাইফুল হক বলেন, ‘আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ক্ষমতায় বসে পঞ্চম ও ষষ্টদশ সংশোধনীর মাধ্যমে প্রধানমন্ত্রী-কেন্দ্রিক সংসদীয় স্বৈরতন্ত্রকে আরো জোরধার করা হয়েছে।’
 
নেতৃবৃন্দ বলেন, ‘বিচার ব্যবস্থাসহ প্রাতিষ্ঠানিক দফতরে প্রধানমন্ত্রীর ছড়ি ঘুরানো আরো বৃদ্ধি পেয়েছে। ভারতের সঙ্গে যে ২২ দফা চুক্তি হয়েছে এতে দেশের মানুষ আজ উদ্বিগ্ন।’
 
আওয়ামী লীগের দুশ‍াসন ও বিএনপির পেট্রোল বোমা দেশে আতঙ্ক সৃষ্টি করছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন সংগঠনের নেতার।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—সংগঠনের নেতা অধ্যাপক  আব্দুস সাত্তার, অধ্যাপক আব্দুস সালাম, মোশরেফা মিশু, শুভ্রাংশু চক্রবর্তী, ইয়াসিন মিয়া প্রমুখ।