স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বঞ্চিত নারী ও শিশুদের সুরক্ষার জন্য তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সরকারের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়।’
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘আমাদের দেশের নারী জনগোষ্ঠী এখনো বঞ্চিত। বঞ্চিত নারী ও শিশুদের সুরক্ষার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তাদেরকে শিক্ষা, সামজিক অবস্থান ও অর্থনৈতিক উন্নয়নের আওতায় আনতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও নারী উন্নয়ন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবাইকে সঠিকভাবে কাজ করতে হবে। নইলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব না।’
তিনি আরো বলেন, ‘ভিজিএফ কার্ডের মাধ্যমে সরকার খাদ্য এবং টিন প্রদানের মাধ্যমে বাসস্থান, বিনামূল্যে চিকিত্সা সেবা ও ওষুধের মাধ্যমে স্বাস্থ্য সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছানো হয়েছে। বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হচ্ছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। যে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতুর অর্থ বন্ধ করে দিয়েছিল, সেই বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে।’
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত প্রতিষ্ঠান ও সেবা প্রদানকারীদের মধ্যে জাতীয়ভাবে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করেন মোহাম্মদ নাসিম। একই সাথে পরিবার পরিকল্পনা, জনসংখ্যা, মা ও শিশু স্বাস্থ্য এবং বাল্য বিয়ে, কিশোরীর স্বাস্থ্য সেবা বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৫-এর প্রতিপাদ্যকে স্বার্থক ও এ বিষয়ে সকলকে সচেতন করার লক্ষে সারা দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় প্রতিপাদ্যের গুরুত্ব এবং এ বিষয়ে সেবা কেন্দ্রগুলোর করণীয় বিষয়ে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার প্রমুখ।
