জেলার নাগেশ্বরীতে সাত কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
আটক মফিজুল ইসলাম (৩৪) ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের তেলিটারী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি মসজিদের ইমাম বলে জানা গেছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আককাস জানান, গতকাল সন্ধ্যায় সন্তোষপুর ইউনিয়নের বকসির খামার গ্রাম থেকে মফিজুল ইসলাম (৩৪)-কে এলাকাবাসী গাঁজাসহ আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসে।
আটক মফিজুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ঢাকার একটি মসজিদে ইমামতি করেছেন।
এ ব্যাপারে মফিজুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। রবিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়।
