সুন্দরবনে ৮ হরিণ শিকারী আটক

আপডেট : ১২ জুলাই ২০১৫, ১২:২৫
 
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা গত দুই দিনে পৃথক অভিযান চালিয়ে আট শিকারিকে আটক করেছে। এ সময় একটি হরিণের চামড়া, ১০ কেজি মাংস, একটি মাথা, ২০০টি হরিণ ধরা ফাঁদ, একটি ডিঙ্গি নৌকা, ২টি দা ও একটি চাকু জব্দ করা হয়।
 
আটক শিকারীরা হলো- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাছুয়া গ্রামের মো. খলিল হাওলাদার (৪৫), মনজু ফরাজী (৫৫), আলামীন মাতুব্বর (৩৫), কালাম হাওলাদার (২০), সোহাগ ফরাজী (৩০), শুকুর খান (৪৪), ইব্রাহীম হাওলাদার (৩৭) ও ফুলঝুড়ি গ্রামের বাবুল হাওলাদার (২০)।
 
এদের বিরুদ্ধে বন্য প্রাণি সংরক্ষণ আইনে মামলা দিয়ে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. কামাল আহমেদ জানান, শুক্রবার রাত ১২টার দিকে দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ইনচার্জ মো. সহিদুল ইসলামের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলকালে অফিস কেল্লার চর এলাকা থেকে ওই ৮ শিকারীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২০০টি হরিণ ধরা নাইলনের দঁড়ির ফাঁদ ও একটি দা উদ্ধার করা হয়।

অপরদিকে শনিবার সকালে শরণখোলা স্টেশন কর্মকর্তা একেএম ইউসুফ আলমের নেতৃত্বে বনরক্ষীরা ধাবড়ির খাল এলাকা থেকে একটি ডিঙ্গি নৌকায় থাকা হরিণের চামড়া ও মাথাসহ ১০ কেজি মাংস জব্দ করে। এসময় চোরা শিকারীরা বনের মধ্যে পালিয়ে যায়। জব্দকৃত মাংস শরণখোলা রেঞ্জ অফিস চত্বরে কেরোসিন মিশিয়ে মাটিচাপা দেয়া হয়েছে বলে এসিএফ জানান।