কোম্পানীগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে হিজড়া নিহত

আপডেট : ১২ জুলাই ২০১৫, ১৮:৪৬
 
জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় চাঁদা তোলাকে কেন্দ্র করে হিজড়া ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক হিজড়া নিহত এবং ব্যবসায়ীসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।
 
জানা গেছে, উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার নামক স্থানে হিজড়ারা শনিবার রাত ১০টায় প্রতি দোকানে গিয়ে চাঁদা দাবি করে। ব্যবসায়ীরা এ সময় চাঁদা দিতে অস্বীকার করলে ১৫/২০ জন হিজড়া একত্রিত হয়। এ সময় হিজড়াদের সঙ্গে ব্যবসায়ী আবদুস সাত্তারের বাক্বিতণ্ডা হয় ও এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুর দুইটায় একদল হিজড়া সংঘবদ্ধ হয়ে বসুরহাট থেকে সিএনজি যোগে নতুন বাজার পৌঁছে ব্যবসায়ী আবদুস সাত্তারের উপর অতর্কিতে হামলা চালায় এবং দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় আবদুস সাত্তারের আর্তচিৎকারে আশপাশের দোকানীরা এগিয়ে আসলে উভয়ের  মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ব্যবসায়ী আবদুস সাত্তার (৫৫), আবুল কালাম (২৫), মিজান (২২), কালু মিয়া (২৬), আলা উদ্দিন (৩৫) আহত হন।
 
অপরদিকে গুরুতর আহত হিজড়া জাহাঙ্গীর (২৬), সোনালী (২২) ও সোহাগী (২৩) কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হিজড়া জাহাঙ্গীর মারা যান। হতাহতরা রামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। পরে বাকি দুইজনকে সাধারণ চিকিৎসা দেয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
 
স্থানীয়রা জানান, এ ঘটনায় হিজড়ারা জড়ো হয়ে আবারো ব্যবসায়ীদের উপর হামলার চেষ্টা করছে।
 
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং মামলার প্রস্তুতি চলছে।