মেহেরপুর সদর উপজেলার পুরাতন মদনাডাঙ্গার আজিজুর হত্যার ঘটনায় স্ত্রী সেলিনা খাতুনকে (৩৬) আটক করেছে পুলিশ। কলহের জের ধরে গত শনিবার রাতে ঘরের ভেতর আজিজুরের স্ত্রী মাথায় আঘাত করে আজিজুরকে হত্যা করে বলে অভিযোগ পরিবারের। নিহত আজিজুর পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাতন মদনাডাঙ্গা গ্রামের আজিজুর রহমানের সঙ্গে স্ত্রীর তেমন বনিবনা ছিল না। স্বামীর পরকীয়া করে সন্দেহে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া-ঝাটি লেগেই থাকতো। এর জেরে স্ত্রী সেলিনা খাতুন রাগ করে বাবার বাড়ি চলে গেলে পারিবারিক সমঝোতায় গত শনিবার আবারো বাড়িতে ফিরে আসেন।
এর পর সেইদিনই মধ্যরাতে আজিজুরের চিৎকার শুনে প্রতিবেশী ও বাড়ির লোকজন এসে তাকে রক্তাত্ব অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরে মৃত্যু হয়। স্ত্রী লাঠি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে বলে অভিযোগ করন আজিজুরের পরিবারের।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, স্বামী হত্যাকারী সন্দেহে স্ত্রী সেলিনাকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে থানায় হত্যা মামলা দায়ের করবে পরিবার। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কারণে মৃত্যু হয়েছে তা তদন্ত শেষে বোঝা যাবে।
