বন্ধ ঘরে মা-মেয়ের লাশ

আপডেট : ১৩ জুলাই ২০১৫, ০১:২২

কক্সবাজারের চকরিয়ায় ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে শিশুকন্যাসহ এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন নিহতদের স্বজনরা। শনিবার রাত ১টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ হূদয় বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার ছৈয়দ আলমের মেয়ে আছমাউল হুসনা (২৬) ও তার মেয়ে আয়েশা আলী (৩)। ঘটনার খবর পেয়ে রাত দুইটার দিকে পুলিশের একটি দল বন্ধ ঘরের দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে।

 
নিহত আছমাউল হুসনার স্বামী শওকত আলী বিদেশ প্রবাসী। শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতন ও পারিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করছে হুসনার পরিবারের সদস্যরা। তারা জানান, প্রায় ৬ বছর আগে আছমাউল হুসনাকে সামাজিকভাবে বিয়ে দেন কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের পোকখালী গ্রামের শওকত আলীর সাথে। বিয়ের পর শওকত আলী জীবিকার তাগিদে বিদেশ পাড়ি জমায়। এরই মধ্যে আছমাউল হুসনার কোল জুড়ে আসে কন্যা আয়েশা। কিন্তু কয়েক বছর আগে শওকত আলী দেশে এসে দ্বিতীয় বিয়ে করেন।
 
পরিবার সদস্যরা অভিযোগ করেন, স্বামী বিদেশে থাকার সুবাদে নানা কারণে শ্বশুর বাড়ির লোকজন হুসনাকে নির্যাতন করতো। এক পর্যায়ে গত বুধবার মেয়েসহ তাকে চকরিয়ায় বাপের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এ ঘটনায় দু:খে-ক্ষোভে আত্মহত্যা করেন হুসনা।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। গতকাল রবিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।