নাটোরের সিংড়ায় মুক্তিযোদ্ধা ননী গোপাল কুন্ডু (৭০) ও তার স্ত্রী চিত্রা কুন্ডু (৬০) খুন হয়েছেন। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা তাদের শ্বাসরোধ করে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। এসময় দুর্বৃত্তরা ঘরের ভেতরে আসবাবপত্র ও কাগজপত্রাদি তছনছ করে। নিহতদের বাড়ি উপজেলার কলম ইউনিয়নের শাঐল শাহপাড়া গ্রামে। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে মুক্তিযোদ্ধা দম্পতিকে এভাবে নৃশংসভাবে হত্যা করায় এলাকার মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন। ময়না তদন্ত শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানা গেছে। জেলা প্রশাসক মশিউর রহমান, জেলা পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী, ইউএনও সালমা খাতুনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগ প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রসঙ্গত, ননী গোপাল কুন্ডু ৭ নং সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার রাতে খাওয়া শেষে ননী গোপাল ও চিত্রা নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময় তারা ঘরের বাইরে বের হলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের হাত ও পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। রবিবার ভোরে সেহরির সময় স্থানীয় লোকজন বাড়ির উঠানে চিত্রা ও ঘরে চৌকির উপর তোষক চাপা অবস্থায় ননী গোপালের মৃতদেহ এবং ঘরের আসবাবপত্র-কাগজপত্রাদি তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। তবে কি কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।
এলাকাবাসী আরো জানায়, প্রায় ৫ বছর যাবত্ এই দম্পতি শাঐল শাহপাড়ায় বসবাস করছিলেন। এর আগে তারা একই ইউনিয়নের পুণ্ডরী গ্রামে পৈত্রিক বাড়িতে বাস করতেন। জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে তারা ওই স্থান ত্যাগ করেন। তাদের ২ ছেলে রয়েছে। বড় ছেলে পুলক (৩০) ও ছোট ছেলে পিনাক (২৭)। দুজনই ভারতে থাকেন। কিছুদিন আগে তাদের অনুপস্থিতিতে বাড়িতে চুরি হয় বলে এলাকাবাসী জানান।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওয়াদুদ দুদু জানান, এ ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে। এর মধ্যে দোষীরা আটক না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তদন্ত শেষে সঠিক ঘটনা উদঘাটনপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিংড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল। তবে এ ঘটনায় গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত কোন মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
