দৌলতপুরে ছয় বাড়ি ভস্মীভূত

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২১:৫৬

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামে আগুনে ছয়টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রবিবার সন্ধ্যায় ময়রামপুর গ্রামের মাহাতাব উদ্দিনের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে প্রতিবেশী হাফেজ উদ্দিন, নাহারুল, হানিফ, মজনু ও বাচ্চুর বাড়িতে আগুন লেগে ছয়টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ছয়টি বাড়ি পুড়ে যায়। আগুনে নগদ টাকা, আসবাবপত্রসহ ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সবকিছু হারিয়ে ছয়টি পরিবার খোলা আকাশের নিচে অবস্থান করছে।