পাবনার সুজানগরে পদ্মা নদীতে বক্কার (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা নিয়ে গুঞ্জন চলার একদিন পরই তার লাশ উদ্ধার হয়েছে।
রবিবার সন্ধ্যা রাতে সুজানগর থানা পুলিশ উপজেলার রাইপুর সংলগ্ন পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করে। নিহত বক্কার উপজেলার মানিকহাট গ্রামের আজাহার আলীর ছেলে।
সুজানগর থানার অফিসার ইনচার্জ হাবিববুর রহমান জানান, বক্কারসহ আরো ৪/৫জন যুবক শনিবার সন্ধ্যা রাতে পদ্মা নদীর রাইপুর খেয়াঘাট থেকে নৌকাযোগে পাংসার হাবাসপুর যাচ্ছিলেন। নৌকাটি নদীর মধ্যে পৌঁছালে ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল আরেকটি নৌকাযোগে তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা বক্কারকে টার্গেট করে গুলি করলে তিনি গুলিবিদ্ধ অবস্থায় নদীতে পড়ে যান। এ সময় নৌকায় থাকা অন্যরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে কিনারায় উঠে আসেন।
রবিবার সন্ধ্যা রাতে এলাকাবাসী বক্কারের গুলিবিদ্ধ লাশ ওই স্থানে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। হত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তবে পুলিশ ধারণ করছে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে।
