মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর উপজেলার জিন্নানগর বাজারে অবস্থিত নিউ মডার্ন প্রাইভেট ক্লিনিকে আবারো ভুল অপারেশনে নবজাতকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে প্রকাশ, গত শনিবার উপজেলার রায়পুর গ্রামের ইসলাম হোসেনের স্ত্রী খাদিজা খাতুনের (২২) প্রসব বেদনা উঠলে সিজার করানোর জন্য পরিবারের লোকজন তাকে নিউ মডার্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে।
ক্লিনিকের মালিক রাতে নিজে ডাক্তার সেজে অপারেশন করে। ভুল অপারেশনে নবজাতকের মৃত্যু হয়। ক্লিনিকের সুচতুর মালিক বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য পরিবারের লোকজনকে বলে বাচ্চাটি পেটের ভিতর মরে ছিল এবং তাদেরকে মোটা অংকের টাকা দিয়ে রাতেই নবজাতকের দাফন সম্পন্ন করে।
উল্লেখ্য, ধূর্ত ক্লিনিক মালিক আবুল বাসার ভৈরবা বাজারে মডার্ন প্রাইভেট ক্লিনিক নামে ক্লিনিক ব্যবসা পরিচালনা করে আসছিল। গত ১০ ফেব্রুয়ারি ঐ ক্লিনিকে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির মাধ্যমে বন্ধ করে দিলে তিনি পুরনায় নিউ মডার্ন প্রাইভেট ক্লিনিক নামে জিন্নানগর বাজারে ক্লিনিক খুলে বসেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নাসির উদ্দিন জানান, আবুল বাসারের ক্লিনিকে এভাবে প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটছে।
কয়েকদিন আগেও আমরা তদন্ত করে তার ভৈরবা বাজারের মডার্ন প্রাইভেট ক্লিনিকটি বন্ধ ঘোষণা করি। এ বিষয়ে ক্লিনিক মালিক আবুল বাসারের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
