খুলনায় কথিত গুজরাটি বাবুসহ চার প্রতারক গ্রেফতার

আপডেট : ১৩ জুলাই ২০১৫, ১৭:২৮
খুলনা মহানগরীতে সুসজ্জিত ফ্ল্যাট ভাড়া নিয়ে ভারতের গুজরাটের ধনাঢ্য ব্যবসায়ী (গুজরাটি বাবু) পরিচয় দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল এক প্রতারক। ব্যবসাসহ এ চক্রের নানা প্রলোভনের খপ্পরে পড়ে অনেকেই পা দিয়েছে প্রতারণার ফাঁদে। সর্বশেষ একজন শিক্ষকের কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়ার সময় ধরা পড়েছে চক্রের প্রধানসহ চার প্রতারক। 
 
সোমবার দুপুরের পর গোয়েন্দা পুলিশ নগরীর গগন বাবু রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 
 
গ্রেফতারকৃতরা হলেন, প্রতারক চক্রের প্রধান ও কথিত গুজরাটি বাবু কামরুজ্জামান (৬৫), সদস্য সবুজ (৩২), বাবুল (৪৪) ও হেলাল শেখ (২৭)। এদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইলফোন এবং সাড়ে তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে। 
 
পুলিশ জানায়, প্রতারণার অংশ হিসাবে এ চক্রটি সাতক্ষীরার ইটাগাছা বাঙ্গালের মোড় এলাকার বাসিন্দা ও স্থানীয় এমএ গফুর কলেজের শিক্ষক আশরাফুল হককে মসলার ব্যবসার নামে পাঁচ লাখ টাকা বিনিয়োগ করতে বলে। তিনি কয়েকদিন আগে খুলনায় আসলে তার কাছে থাকা ৪০ হাজার টাকা তারা রেখে দিয়ে বাকি টাকা সোমবার দিতে বলে। টাকা পেতে তাদের জবরদস্তির কারণে শিক্ষক আশাফুলের সন্দেহ হয়। বিষয়টি তিনি গোয়েন্দা পুলিশকে জানালে নগরীর গগন বাবু রোডের তারেকের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে অভিযান টের পেয়ে চক্রের ম্যানেজার ফরিদ টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
 
মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর সুরেশ চন্দ্র হালদার জানান, প্রতারক চক্রের প্রধান কামরুজ্জামান নিজেকে ভারতের গুজরাটের ধনাঢ্য ব্যবসায়ী (গুজরাটি বাবু) পরিচয় দিয়ে হিন্দি ভাষায় কথা বলে বিভিন্ন ব্যবসার নামে সাধারণ মানুষকে প্রতারণায় ফেলছিল। অথচ তার বাড়ি যশোর শহরের বেজপাড়া পিয়ারি মোহন রোড এলাকায়। গ্রেফতারকৃত সবুজ নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার কাকাইল মোড় ভুঁইয়া বাড়ির, বাবুল ঝালকাঠি জেলার বেরপাশার এবং হেলাল শেখ নগরীর দৌলতপুর পাবলা চুন্নুর বটতলা এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।