হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার দৌলতপুর ও মাধবপুর উপজেলার শাহজীবাজার দরগা গেইটে এ দু’টি দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাহুবল উপজেলার দৌলতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জগামী পিকআপ ও বাহুবলগামী সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সাঈদ মিয়া (৩৫) নামে এক সিএনজি-অটোরিক্সা চালক ঘটনাস্থলেই মারা যায়।
সাঈদ মিয়া দৌলতপুর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে।
সংঘর্ষে সিএনজি-অটোরিক্সাটি দুমড়ে মুছড়ে যায়। স্থানীয় জনতা পিকআপটি আটক করলেও চালক পালিয়ে যায়।
অন্যদিকে মাধবপুর উপজেলার শাহজীবাজার দরগা গেইট এলাকায় দুপুরেই ট্রাক ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংর্ঘষে অজ্ঞাত এক শিশুর মৃত্যু হয়। এ সময় আহত হন আরো চারজন।
আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় তিনজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজ আহমেদ জানান, বাহুবলে দুর্ঘটনার ঘটনায় পিকআপটি আটক করা হয়েছে। মাধবপুরের দুর্ঘটনায় আহতদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মহাসড়কের অবস্থা স্বাভাবিক রয়েছে।
