দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৯
ইত্তেফাক রিপোর্ট
ওরা ঢিল ছোড়া পার্টির সদস্য। গভীর রাতে রাস্তায় ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে ডিম বা কাদা মাটি ছুড়ে দেয়। গাড়ি থেমে গেলেই ৭/৮ জন ঘেরাও করে। ধারালো অস্ত্র দেখিয়ে গাড়ির যাত্রীর কাছ থেকে মোবাইল ফোনসেট, মানিব্যাগ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে সটকে পড়ে। রাজধানীর চারদিকে বেড়িবাঁধের ওপর সড়কগুলোতে এসব ঘটনা ঘটে। এদেরকে ‘ঢিল ছোড়া পার্টি’ বলা হয়। এই অপরাধী চক্রের ৯ সদস্যকে রবিবার রাতে উত্তরা, তুরাগ ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে ১টি দেশীয় বন্দুক, ২ রাউন্ড কার্তুজ, ২টি চাপাতি, ১টি ছোরা, ২টি পাইপ, ১টি কাঠের লাঠি, ৩টি রশি, ১৭টি সিম কার্ড, ১০টি মোবাইল ফোনসেট ও ২ হাজার ৩শ ৭০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, আসলাম আলম স্বাধীন, আশরাফুল ইসলাম সনি ওরফে বিশু, রবিন, শামীম ইসলাম ওরফে শামীম, নাজমুল হাসান, নিজাম উদ্দিন অপু, মিজানুর রহমান, তাইমুল ইসলাম ও মামুন।
র্যাব জানায়, তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় বেড়াতে আসা সাধারণ লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ওরা। এছাড়া উত্তরা হতে মিরপুর যাতায়াতকারী প্রাইভেট গাড়িও তাদের অন্যতম টার্গেট। এই চক্রের সদস্যরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন স্থানে ওত পেতে থাকে। চলন্ত গাড়িতে পিছন থেকে পাথর ছোড়ে যাতে চালক গাড়ি থামায়। আবার কখনো রাস্তার উপর দামি মোবাইল ফোন ফেলে রেখে চালককে গাড়ি থামাতে প্রলুব্ধ করে। এরপরও গাড়ি থামাতে ব্যর্থ হলে তারা গাড়ির উইন্ডশিল্ড লক্ষ্য করে ডিম বা কাদামাটি ছুড়তে থাকে। এতে করে গাড়ির উইন্ডশিল্ডে ময়লা পড়ে গেলে চালক গাড়ি থামাতে বাধ্য হয়। এই সুযোগে তারা আরোহীদের উপর হামলা করে ও অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।
