আড়াল ভেঙে বিবি রাসেল

আপডেট : ১৪ জুলাই ২০১৫, ১১:৪২
বাংলাদেশের আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলকে এই সময়ে সাধারণত তেমন কোনো অনুষ্ঠানেই দেখা যায় না। শুধু তাই নয়, টেলিভিশনের পর্দায়ও তাকে দেখা যায় না। যে কারণে দেশে বিদেশের তার অসংখ্য ভক্ত তাকে খুব মিস করে। বিগত প্রায় চার বছরেরও বেশি সময় বিবি রাসেলকে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। বেশিরভাগ সময়ই তিনি তার পেশাগত কাজের কারণে দেশের বাইরে ছিলেন। বহুদিন পর বিবি রাসেল তার কাজ সম্পর্কিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি ফ্যাশন হাউসের উদ্বোধন করলেন। লন্ডন থেকে  আগত ফ্যাশন ডিজাইনার পারভীন হোসেইনের ঢাকার গুলশানের ‘পিএইচ (পারভীন হোসেইন) ডিজাইন স্টুডিও’ উদ্বোধন করেন তিনি। গত শুক্রবার রাতে বিবি রাসেল ও আলোকচিত্রগ্রাহক চঞ্চল মাহমুদ ‘পিএইচ ডিজাইন স্টুডিও’টির উদ্বোধন করেন। মিসেস চঞ্চল মাহমুদের (রায়না মাহমুদ মিতু) সার্বিক সহযোগিতায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান, বিবিয়ানার লিপি খন্দকার, ওমন্সে ওয়ার্ল্ডের কনা আলমসহ আরও অনেকে।
 
বিবি রাসেল উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘পারভীন হোসেইনের কোয়ালিটি প্রোডাক্টের উপর বিভিন্ন ডিজাইনের শাড়ি ও গাউনের কাজ আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি কাজই আন্তর্জাতিক গুণ-মানসম্পন্ন। আমার বিশ্বাস তার কাজ ভবিষ্যতে আরও অনেক প্রসারিত হবে, প্রশংসিত হবে।’ মূলত পারভীন হোসেইন পিএইচ ডিজাইন স্টুডিওর মধ্যদিয়ে একটি ফান্ড গঠন করে সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করতে চান। পাশাপাশি তিনি গ্রামের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান। পারভীন হোসেইন ২০১১ সালে ডিজাইনিংয়ের উপর কাজ শুরু করেন লন্ডনে। ঢাকায় বিবি রাসেলই তার ডিজাইন করা কাজের শুভ সূচনা করলেন গত ১০ জুলাই রাতে ডিসপ্লে’র মধ্যদিয়ে।
 
পারভীন হোসেইন বলেন, ‘ব্যবসায়িকভাবে লাভবান হওয়াই আমার মূল উদ্দেশ্য নয়। মানুষের মাঝে কোয়ালিটি প্রোডাক্ট পৌঁছানো এবং তা বিক্রি করে ফান্ড গঠনের মধ্যদিয়ে সমাজের মানুষের জন্য কিছু করাই আমার জীবনের এই মুহূর্তের অন্যতম লক্ষ্য।’ পারভীন হোসেইনের বিভিন্ন ডিজাইনের শাড়ি ও গাউনের মডেল হয়েছেন তারই ছোট বোন জেসমনি। এদিকে বিবি রাসেল আর ক’টা দিন দেশের মাটিতে থাকার পর উজবেকিস্তান যাবেন তার পেশাগত কাজ নিয়ে। সেখানেই তিনি ঈদের সময়টা পার করবেন কাজের মাধ্যমে। এদিকে বহুদিন র্যাম্পের কোনো শোতে দেখা যাচ্ছে না বিবি রাসেলকে। বিবি রাসেল বলেন, ‘একদমই সময় পাচ্ছি না শোয়ের জন্য। তবে খুব ইচ্ছে করে।’