মেহেরপুরের গাংনীতে অস্ত্র বোমাসহ আব্দুর রশিদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত একটার দিকে তাকে আটক করা হয়। রশিদ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। সে কাজিপুর বর্ডারপাড়ার দিদার আলীর ছেলে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, আব্দুর রশিদ ভারতীয় ফেনসিডিলসহ মাদক পাচারের সঙ্গে জড়িত। একটি মাদক ব্যবসায়ী চক্রের মাধ্যমে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে একটি এলজি সার্টারগান ও তিনটি বোমাসহ রশিদকে আটক করা হয়। তার সাথে থাকা বাকি সঙ্গীরা পালিয়ে যায়।
তবে আটক রশিদ জানিয়েছেন, তিনি স্থানীয় বিজিবি ক্যাম্পের সোর্স হিসেবে কাজ করেন। কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে বিরোধের জের ধরে অস্ত্র বোমার নাটক সাজিয়ে তাকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায় লে. কর্ণেল আবুল কালাম জানান, সে বিজিবির সোর্স নয়।
