টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান রানা ও পৌরসভার মেয়র শহিদুর রহমান মুক্তিকে একটি হত্যা মামলায় দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তাদের করা আগাম জামিন আবেদন নিষ্পত্তি করে দিয়ে বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
তবে রানার আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেছেন, এই সময়ের মধ্যে তাদের গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছে আদালত।
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক হোসেনকে ২০১৩ সালে হত্যা করা হয়। এই হত্যা মামলার এজহারে রানা ও মুক্তির নাম নেই। কিন্তু গ্রেফতারকৃত দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাদের নাম এসেছে। ফলে তারা গ্রেফতারের আশঙ্কা থেকে হাইকোর্টে আাগাম জামিন চান। তাদের পক্ষে ব্যারিস্টার রফিকুল হক ও রাষ্ট্রপক্ষে ড্যাপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরুল্লাহ শুনানি করেন।
