দেশের সবচেয়ে উঁচু সড়কের উদ্বোধন

আপডেট : ১৪ জুলাই ২০১৫, ১২:৩২
 
উদ্বোধন করা হলো দেশের সবচেয়ে উঁচু থানছি-আলীকদম সড়ক। মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়কটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপিসহ সেনাবাহিনী ও বিভিন্ন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
সেনাবাহিনীর জিএসটু মেজর তৌহিদুল ইসলাম জানান, থানছি-আলীকদম সড়কের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৫০০ ফুট। এর নির্মাণকাজ পরিচালনা করেছে সেনাবাহিনীর ১৭ ইসিবি প্রকৌশল বিভাগ।
 

সড়কটি শুধু দেশের সবচেয়ে উঁচু সড়কই নয়, এটি দক্ষিণ এশিয়ার উঁচু সড়কগুলোর মধ্যে অন্যতম। এ সড়কটি থানছি উপজেলা থেকে আলীকদম হয়ে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে গিয়ে মিশেছে। এতে বান্দরবান থেকে কক্সবাজার যাতায়াত ব্যবস্থা সহজতর হবে এবং জেলার পর্যটন শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।