নাটোরে দুই জেএমবি সদস্য অস্ত্র-গুলিসহ আটক

আপডেট : ১৪ জুলাই ২০১৫, ১৬:৪৯
নাটোরে অস্ত্র ও গুলিসহ রাসেল ও মোফাজ্জল হোসেন নামে দুই জেএমবি সদস্যকে আটক করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। এ সময় চাঁদা আদায়ের তালিকাও পাওয়া গেছে তাদের কাছে। আটককৃতরা হলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রামের রাসেল ওরফে তামিম (২৩) ও নওগাঁ জেলার আত্রাই থানার চকবিষ্টপুর গ্রামের মোফাজ্জল হোসেন (৩২)।
 
রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান জানান, শহরের বনবেলঘরিয়া এলাকায় চাঁদা তুলে লেগুনায় করে নাটোর থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলেন জেএমবি সদস্যরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবেলঘরিয়া এলাকায় বিভিন্ন পরিবহণে তল্লাশি চালিয়ে লেগুনা থেকে ওই দুই জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন এবং জেএমবির অর্থ সংগ্রহের জন্য চাঁদা আদায়ের তালিকা উদ্ধার করা হয়। পরে দুপুরে ওই জেএমবি সদস্যদের নাটোর প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।  
 
দুপুরে প্রেসক্লাবে প্রেস ব্রিফিয়ে র‌্যাবের অধিনায়ক মাহবুবুর রহমান বলেন, ‘আটক জেএমবি সদস্যদের মুক্তির জন্য এবং তাদের সংসারের ব্যয় নির্বাহ করতে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোনে হুমকি দিয়ে টাকা আদায় করে আসছিল আটক ওই দুইজন। তারা ময়মনসিংহে পুলিশ হত্যা করে জেএমবি ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে র‌্যাব।