খুলনায় দম্পতিকে কুপিয়ে বাড়িতে লুট

আপডেট : ১৪ জুলাই ২০১৫, ১৭:০২
খুলনায় ব্লগার দম্পতিকে কুপিয়ে জখম করে বাড়িতে লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতি এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ফরহাদ হোসেন (৪৭) ও তার স্ত্রী আহত ফারজানা ইয়াসমিন লাকীকে (৩২ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
আড়ংঘাটা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলি জানান, সোমবার রাত তিনটার দিকে জানালার গ্রিল ভেঙ্গে তিনজন মুখোশধারী ব্যক্তি ব্লগার ফরহাদের ঘরে প্রবেশ করে। পরে তারা ভয়ভীতি দেখিয়ে তার কাছে আলমারীর চাবি চায়। চাবি দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা ফরহাদ ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। এ সময় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের ঘর থেকে নগদ ৬০হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও ফরহাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন নিয়ে যায়। ব্লগার ফরহাদ ঢাকায় একটি এনজিওতে চাকরি করেন। তিনি দুইদিন আগে ঢাকা থেকে খুলনায় যান।
 
ওসি আরো জানান, এ ঘটনায় লাকীর ভাই হাবিবুর রহমান অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।