খুলনায় পুলিশ-ডাকাত গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

আপডেট : ১৪ জুলাই ২০১৫, ১৭:১৯
খুলনার তেরখাদা উপজেলায় পুলিশের সঙ্গে ডাকাতদলের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার আজগড়া গাউসভেড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
 
এ সময় গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ ডাকাত সর্দার মোর্শেদসহ (২৮) পাঁচ ডাকাতকে  গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি পাইপগান, তিনটি রামদা, একটি ছোরা, দুটি তাজা বন্দুকের গুলি, একটি লোহার রড ও  একটি লাঠি উদ্ধার করা হয়।
 
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, গত সোমবার উপজেলার আজগড়ায় গরুর হাট ছিল। হাট থেকে ফেরার পথে অস্ত্রের মুখে গরু ব্যবসায়ীদের টাকা লুট করে নেয়ার পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছে ডাকাত মোর্শেদসহ তার সহযোগীরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে আজগড়া গাউস ভেড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলিবর্ষণ শুরু করে। আত্মক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতদল পিছু হটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ গুলিবিদ্ধ মোর্শেদসহ পাঁচ ডাকাতকে আটক করে। আশংকাজনক অবস্থায় মোর্শেদকে গভীর রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। গণপিটুনিতে আহত অন্য চার ডাকাতকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে।