সংসদের চলতি অধিবেশন চলবে ১১ মার্চ পর্যন্ত

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২২:২৮

একাদশ সংসদের কার্যউপদেষ্টা কমিটির প্রথম বৈঠক

ইত্তেফাক রিপোর্ট

একাদশ জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন চলবে আগামী ১১ মার্চ সোমবার পর্যন্ত। গতকাল  সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তবে বৈঠকে সিদ্ধান্ত হয় যে, স্পিকার প্রয়োজনে চলতি অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারবেন।

কার্য উপদেষ্টা কমিটির সভাপতি ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। এছাড়াও বৈঠকে অংশ নেন কমিটির সদস্য রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, হাসানুল হক ইনু, ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ ও নূর-ই-আলম চৌধুরী (লিটন চৌধুরী)।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জানানো হয় সংবিধানর ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী ৩০ জানুয়ারি অধিবেশনের প্রথম বৈঠকে ৫টি অধ্যাদেশ উপস্থাপিত হয়েছে। অধ্যাদেশসমূহ প্রতিস্থাপনকারী বিলগুলো ইতোমধ্যে সংসদে পাস হয়েছে এবং রাষ্ট্রপতি গত ২৮ ফেব্রুয়ারি বিলগুলোতে সম্মতি দিয়েছেন। এ পর্যন্ত প্রাপ্ত মোট ৮টি (প্রতিস্থাপনকারী ৫টিসহ) সরকারি বিলের মধ্যে ৩টি বিল উত্থাপনের অপেক্ষায় রয়েছে। চলতি অধিবেশনে উত্থাপনের জন্য বেসরকারি সদস্যদের কাছ থেকে ১টি বিল পাওয়া গেছে।

বৈঠকে আরও জানানো হয়, প্রথম অধিবেশনে গতকাল পর্যন্ত প্রধানমন্ত্রীর জন্য ১১৪টি ও মন্ত্রীদের জন্য ২ হাজার ৩২৫টিসহ প্রাপ্ত প্রশ্নের সংখ্যা ২ হাজার ৪৩৯টি। গতকাল দুপুর পর্যন্ত সিদ্ধান্ত প্রস্তাব (বিধি ১৩১) ২৫০টি, মনোযোগ আকর্ষণের নোটিস (বিধি ৭১) ৩২১টি ও সংক্ষিপ্ত আলোচনার (বিধি ৬৮) ৩টি নোটিস পাওয়া গেছে। রবিবার পর্যন্ত রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর মোট ১১৫ জন সংসদ সদস্য ৩৩ ঘণ্টা ৪৭ মিনিট আলোচনা করেছেন। সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বৈঠকে কার্যপত্র উপস্থাপন করেন।