ফেনীতে সাংবাদিককে লাঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট : ১৪ জুলাই ২০১৫, ১৮:১৭
ফেনীতে এক সাংবাদিকের উপর যুবদল নেতার হামলার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।
 
সময় টেলিভিশনের ফেনী ব্যুরো প্রতিবেদক আতিয়ার হাওলাদার সজলের উপর হামলার ঘটনার প্রতিবাদে ফেনী প্রেস ক্লাবের আয়োজনে ক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
 
এ সময় ফেনী প্রেস ক্লাবের সভাপতি নুরুল করিম মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জমির উদ্দিন বেগের পরিচালনায় বক্তব্য রাখেন সময় টিভির ফেনী ব্যুরো ইনচার্জ বখতেয়ার ইসলাম মুন্না, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু তাহের ও মীর হোসেন মীরু, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, বাংলাভিশন প্রতিনিধি রফিকুল ইসলাম, আরটিভি প্রতিনিধি আজাদ মালদার প্রমুখ।
 
এতে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
 
বক্তারা সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার ঘোষনা দেন।