ইরাকী সামরিক বাহিনীকে চারটি এফ-১৬ যুদ্ধবিমান দিয়েছে যুক্তরাষ্ট্র। মোট ৩৬টি এফ-১৬ এর মধ্যে প্রথম দফায় এই চারটি যুদ্ধবিমান সরবরাহ করা হল। সোমবার বাগদাদে যুদ্ধ বিমাগুলো পৌঁছায়। খবর এএফপির।
ইসলামিক স্টেট (আইএস) বিরোধী লড়াইয়ে আন্তর্জাতিক জোটে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ডেপুটি দূত হিসেবে দায়িত্বরত ব্রেট ম্যাকগুর্কও যুদ্ধবিমানগুলো পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে কয়েক বছর ধরে প্রস্তুতি ও প্রশিক্ষণ নেয়ার পর ইরাকি বিমান চালকরা ইরাকে এফ-১৬ বিমানের প্রথম স্কোয়াড্রন অবতরণ করিয়েছে।’
যুদ্ধবিমানগুলো আরো আগে আনার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা পিছিয়ে দেয়া হয়। বাগদাদের ৭০ কিলোমিটার উত্তরে অবস্থিত বালাদ ঘাঁটির কাছেই সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধ করছে আইএস সদস্যরা।
চুক্তি অনুযায়ী ইরাককে মোট ৩৬টি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিমানগুলো দেয়ার আগে ইরাকী বিমানচালকদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। গত মাসে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় প্রশিক্ষণকালে বিমান বিধ্বস্ত হয়ে এক ইরাকি বিমানচালক নিহত হন।
