ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মো. পাভেল মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পাভেল আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামের জমাদ্দার বাড়ির মো. আলমগীর মিয়ার ছেলে।
আখাউড়া রেলওয়ে জংশন ও পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি বেলা ১২টা ১০ মিনিটে ২নং লাইন দিয়ে অতিক্রম করছিল। কিন্তু ট্রেনটি আখাউড়ায় যাত্রাবিরতি না থাকায় পাভেল চলন্ত অবস্থায়ই নামতে যায়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আব্দুস সাত্তার জানান, ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
