সাপাহারে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০১৫, ২১:০৮
জেলার সাপাহার উপজেলায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের সাহাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ও বজ্রপাতে মানিকুড়া গ্রামের উত্তর মাঠে অপরজনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে সাহাপাড়ায় গোপাল সাহার বাড়িতে কয়েকজন রাজমিস্ত্রি বাড়ি নির্মাণের কাজ করছিলেন। বাড়ীর পাশ দিয়ে ১১ হাজার ভোল্টের মেইন সঞ্চালন লাইনের সাথে শ্রমিক মো. গনি জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গনি জেলার পত্নীতলা উপজেলার আলপাকা মাটিকাটা গ্রামের মজিবর রহমানের ছেলে।
 
অপর দিকে বিকেল পাঁচটার দিকে উপজেলার মানিকুড়া উত্তরপাড়া গ্রামের মৃত দইমুদ্দীনের ছেলে আবুল কালাম (৩২) বাড়ির পাশে মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

 

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।