শতাধিক অভিবাসীবাহী নৌকার সন্ধান পেয়েছে মিয়ানমার নৌবাহিনী

আপডেট : ১৫ জুলাই ২০১৫, ০০:০১

মিয়ানমারের নৌবাহিনী ১০২ জন অবৈধ অভিবাসীর সন্ধান পেয়েছে। এসব অভিবাসীকে নিয়ে একটি নৌকা কয়েক সপ্তাহ  ধরে মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় একটি দ্বীপে আটকা পড়েছিলো বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের এক খবরে বলা হয়েছে। এ বিষয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ১০২ জনকে মিয়ানমারের নৌবাহিনী দক্ষিণের তানিনথারাই অঞ্চলের উপকূলে নিয়ে এসেছে।

এসব যাত্রীদের কয়েকজন দাবি করেছেন তাদের দেশ থেকে জোর করে নৌকায় উঠিয়ে আনা হয়েছে। তবে অন্যরা বলছে, মালয়েশিয়ায় চাকরি দেয়ার নামে মানব পাচারকারীরা তাদের নিয়ে এসেছে। তারা বলছে, জুনের শুরু দিকে তাদের দ্বীপের কাছে ফেলে চলে গেছে নাবিকরা। তবে এখন তারা কোথায় আছে সে বিষয়ে মিয়ানমারের গণমাধ্যমে বিস্তারিত কিছু বলা হয়নি।

 

প্রসঙ্গত, গত মে মাসের শুরুর দিকে থাইল্যান্ড ও পরে মালয়েশিয়ায় অভিবাসীদের গণকবর আবিষ্কারের ঘটনা প্রকাশ পায়। এরপর দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলো অবৈধ অভিবাসীদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানালে হাজার হাজার বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা আন্দামান ও বঙ্গোপসাগরে আটকা পড়ে। পরে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনের আহবানেরমুখে কয়েক হাজার মানুষকে আশ্রয় দেয় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের সরকার। ইতিমধ্যে এসব দেশে উদ্ধারের পর শনাক্ত হওয়া বাংলাদেশি নাগরিকদের অনেককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকিদের শিগগিরই দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে।