বগুড়ায় মতিন সরকারের অবৈধ সম্পদ জব্দ ও হিসাব স্থগিতের নির্দেশ

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২২:৩০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় আলোচিত তুফান সরকারের ভাই যুবলীগ থেকে বহিষ্কৃত আব্দুল মতিন সরকারের অবৈধ সম্পদ জব্দের এবং তার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে জ্যেষ্ঠ বিশেষ বিচারক নরেশ চন্দ্র সরকার গত মাসে ওই আদেশ দিয়েছেন। এর ফলে আব্দুল মতিন সরকার অবৈধভাবে অর্জিত সম্পদ অন্য কারও কাছে হস্তান্তর এবং ব্যাংকে রাখা অর্থ স্থানান্তর বা উত্তোলন করতে পারবেন না।

আব্দুল মতিন সরকার দেশজুড়ে আলোচিত কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি বহিষ্কৃত  শ্রমিক লীগ নেতা তুফান সরকারের বড় ভাই। ভালো কলেজে ভর্তির প্রলোভন দেখিয়ে তুফান সরকার ২০১৭ সালের ১৭ জুলাই ওই কিশোরীকে ধর্ষণ করেন। তার ১০ দিন পর তুফানের স্ত্রীর নেতৃত্বে একদল সন্ত্রাসী ২৮ জুলাই ওই কিশোরী ও তার মাকে মারধরের পর মাথা ন্যাড়া করে দেয়। ওই ঘটনায় মামলার পর পুলিশ তুফান ও তার স্ত্রীসহ ১০ জনকে গ্রেফতার করে। পরবর্তীতে অন্য আসামিরা জামিনে বেড়িয়ে গেলেও তুফান সরকার এখনো কারাগারে আটক রয়েছেন। পরবর্তীতে শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকারকেও বহিষ্কার করা হয়।

তদন্তে নেমে দুদক মতিন সরকারের বিরুদ্ধে অসদুপায়ে তিন কোটি টাকার সম্পদ অর্জন এবং আরও প্রায় সোয়া দুই কোটি টাকার সম্পদ গোপনের প্রমাণ পায়। বগুড়ায় দুদকের পিপি আবুল কালাম আজাদ জানিয়েছেন, তদন্তকারী কর্মকর্তারা মনে করছেন আব্দুল মতিন সরকার অবৈধভাবে অর্জিত তার সম্পদ ও অর্থ অন্যদের কাছে হস্তান্তর এবং স্থানান্তর করতে পারেন। এ জন্য দুদকের পক্ষ থেকে গত ১১ ফেব্রুয়ারি বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে আব্দুল মতিনের অবৈধ সম্পদ জব্দ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব স্থগিত করার আবেদন জানানো হয়।