দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হলেও দক্ষিণ আফ্রিকা দলে তার কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন ইমরান তাহির। প্রোটিয়া এই লেগ স্পিনার জানিয়েছেন, সিরিজ জিততে শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন তারা।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলবে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ -এ সমতা রয়েছে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তাহির নিজেদের উজাড় করে দেয়ার জন্য উন্মুখ থাকার কথা জানান, ‘আমরা নিজেদের সেরাটা দিতে যাচ্ছি। শেষ ম্যাচে কি হয়েছে তা নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন নই। আমরা কেবল আগামীকালের ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছি।’
ব্যাটিং অর্ডারে এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতি অনুভূত হচ্ছে বেশ ভালভাবেই। দ্বিতীয় ম্যাচে ১৬ থেকে ২৯ রানের মধ্যে ভেঙ্গেছে সফরকারিদের আটটি জুটি। ১৩ রানের বেশি করতে পারেননি সাত জন ব্যাটসম্যান! ফলে আজ কিছুটা হলেও বাড়তি চাপে থাকবেন ব্যাটসম্যানরা।
তবে মিরপুরের চেয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট অনেক বেশি ব্যাটিং সহায়ক হবে বলেই ধারণা করা হচ্ছে। সিরিজের প্রথম দুই ম্যাচে যে দল আগে ব্যাট করেছে ভেঙ্গে পড়েছে তারাই। তবে উইকেট বলছে শেষ ম্যাচে তেমনটা হবার আশঙ্কা কম। তাই টস জিতলে হয়তো ব্যাটিংই নিতে চাইবেন দুই অধিনায়কই।
ব্যাটসম্যানরা সমস্যায় ভুগলেও প্রোটিয়া বোলাররা আছেন দারুণ ছন্দে। সিরিজের প্রথম ম্যাচেই অভিষিক্ত কাগিসো রাবাদা নিয়েছেন হ্যাটট্রিকসহ ছয় উইকেট। টি-টোয়েন্টি সিরিজে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন তিন স্পিনার এডি লেই, অ্যারন ফ্যানগিসো এবং জেপি ডুমিনি।
ব্যক্তিগতভাবে কিছুটা চাপে থাকবেন হাশিম আমলাও। ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই দারুণ ধারাবাহিক এই ব্যাটসম্যান ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বারের মতো ওয়ানডেতে টানা ছয় ইনিংস কাটিয়েছেন অর্ধশতক বিহীনভাবে।
প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে জেতা দক্ষিণ আফ্রিকা পরের ম্যাচে হারে ৭ উইকেটে। ২২.২ ওভার বাকি থাকতেই জয় তুলে নিয়ে সিরিজে সমতা আনে স্বাগতিকরা। নিজেদের ব্যর্থতার চেয়ে এখানে স্বাগতিকদের সাফল্যই বেশি দেখছেন ইমরান, ‘ওরা গত ম্যাচে ভালো ক্রিকেট খেলেছে। সামনের ম্যাচে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমরা নিজেদের সেরা চেষ্টাটাই করব।’
আট বছরের মধ্যে বাংলাদেশের কাছে প্রথমবারের মতো হারলেও দলে তার কোনো প্রভাব দেখছেন না বলে দাবি করলেন তাহির, ‘আমাদের ক্যাম্পে সব কিছু ভালোভাবে হচ্ছে। আমরা সবাই সুখী। আমরা কখনও পেছনে তাকাই না।’ বিডি নিউজ অবলম্বনে
