পাহাড়ি দুই সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি

মানিকছড়িতে ১৪৪ ধারা জারি

আপডেট : ১৫ জুলাই ২০১৫, ১০:৪০
 
খাগড়াছড়ির মানিকছড়িতে দুইটি পাহাড়ি সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মানিকছড়ির ছয়টি এলাকায় এই নির্দেশ বহাল থাকবে।
 
এলাকাগুলো হলো- মানিকছড়ির সদর এলাকা, পিছলাতলা, জামতলা, গচ্ছাবিল, বকরিপাড়া ও গিরিমৈত্রী ডিগ্রী কলেজ এলাকা।
 
মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা যুথিকা সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, একদিকে ইউপিডিএফ ও অন্যদিকে জনসংহতি সমিতি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। এতে সংঘাতের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
 
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ইউপিডিএফ ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে, অন্যদিকে জেএসএস  শিক্ষক চিংসামং হত্যার প্রতিবাদে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
এ ব্যাপারে জনসংহতি সমিতি মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাদল ত্রিপুরা অভিযোগ করেন, পূর্ব নির্ধারিত কর্মসূচিকে বানচাল করতেই ইউপিডিএফ হঠাত্ করে কর্মসূচি দিয়েছে। অপরদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর বক্তব্য নিশ্চিত করা সম্ভব হয়নি।