ফেনীতে কাভার্ডভ্যান চাপায় আহত মহিপাল হাইওয়ে থানার এএসআই আবুল কালাম আজাদ মারা গেছেন। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। ফেনী মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছালেহ আহম্মদ পাঠান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেনী সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ আমিরুল আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ফিলিং স্টেশনের সামনে মহিপাল হাইওয়ে থানার এএসআই আবুল কালাম আজাদ দায়িত্ব পালন করছিলেন। এসময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান দ্রুত এসে তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হয়। তাকে মূমূর্ষ অবস্থায় ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ সকালে তিনি মারা যান।
ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), ডাঃ অসীম কুমার সাহা জানান, দুর্ঘটনায় আবুল কালাম আজাদের কোমর ও নিচের অংশ ক্ষতিগ্রস্থ হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।
