রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আপডেট : ১৫ জুলাই ২০১৫, ২৩:৪৭
 
রাজশাহীতে দুটি সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ীসহ পাঁচজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল সাতটায় পুঠিয়ার বানেশ্বর ট্রাফিক মোড়ে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ এবং বেলা সাড়ে ১১টায় মোহনপুরের কেশরহাট মোড়ে দুইটি ট্রাক ও একটি ভটভটির ত্রিমুখী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, সকাল সাতটায় সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে কাপড় নিয়ে নাচোল যাচ্ছিলেন স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান (৫৫) ও নাজমুল হক (৪২)। পিকআপটি বানেশ্বর ট্রাফিক মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ওই দুই ব্যবসায়ী ও পিকআপের চালক শরিফুল (৩০) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকত্সকরা নাজমুলকে মৃত ঘোষণা করেন। ভর্তির কিছুক্ষণ পর মিজানুর রহমানের মৃত্যু হয়। শরিফুলের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিত্সক সূত্রে জানা গেছে।
 
নিহতরা ইত্তেফাকের নাচোল সংবাদদাতা হাসানুজ্জামান ডালিমের স্বজন। ব্যবসায়ী মিজানুর রহমান ডালিমের মামা এবং নাজমুল মামাতো বোনোর জামাই। নিহত মিজানুর রহমান নাচোলের প্রতিষ্ঠিত কাপড় ব্যবসায়ী এবং নামজুল চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
 

অন্যদিকে বেলা সাড়ে ১১টায় কেশরহাটের নওগাঁ মহাসড়কের উপর দুইটি ট্রাক ও একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ভটভটির যাত্রী আমরপুরের সমর আলী (৪৪), ভাতুরিয়ার জাহাঙ্গীর হোসেন (৪৫) ও পাকুরিয়ার আকবর আলী (৪৬) নিহত যান। মোহনপুর থানার ওসি আবদুল হামিদ জানান, নিহতদের বহনকারী ভটভটি কেশরহাট মোড়ে পৌছালে রাজশাহী থেকে নওগাঁ এবং নওগাঁ থেকে রাজশাহীগামী দুইটি পৃথক ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়। একটি ট্রাক ও ভটভটি আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুত চলছে।