রাজবাড়ীর পাংশায় প্রতিবেশীর টয়লেটের ছিলাপ থেকে মাহফুজা (২৪) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মৌরাট ইউপির জীবননালা তাতীপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মাহফুজা জীবননালা তাতীপাড়া গ্রামের কৃষক রমজান আলীর স্ত্রী।
নিহতের স্বামী রমজান ও প্রতিবেশীরা জানান, মাহফুজা মঙ্গলবার সারাদিন ঘর-বাড়ি ও কাপড়-চোপড় পরিস্কার করে ইফতারের কিছু সময় পূর্বে বৃষ্টির মধ্যে বাড়ির পাশ্ববর্তী প্রতিবেশীর পুকুরে গোসল করতে যায়। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেন নাই। পরিবারের লোকজন সারারাত ধরে অনেক খোঁজাখুঁজি করেও কোথায়ও তাকে পাননি। বুধবার দুপুরে প্রতিবেশী ইছাক আলী মাস্টারের বাড়ির বাঁশ ঝাড়ের মধ্যে অব্যবহৃত টয়লেটের ঢাকনা বিহীন ছিলাপের মধ্যে গ্রামবাসী একটি লাশ দেখে থানায় খরব দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহফুজার লাশ উদ্ধার করে।
বাঁশ বাগানের পাশ্ববর্তী পাট ক্ষেতের মাঝখানে কিছু মানুষের ধস্তাধস্তীর চিহৃ দেখে এলাকাবাসীর ধারণা, মাহফুজাকে অজ্ঞাত দুর্বৃত্তরা ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করেছে।
মাহফুজার পাঁচ বছরে একটি মেয়ে ও দুই বছরের একটি ছেলে রয়েছে।
পাংশা থানার অফিসার ইনচার্জ আবু শামা মোঃ ইকবাল হায়াত বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গৃহবুধকে শ্বাসরোধ করে হত্যা করে অব্যবহৃত পায়খানার ছিলাপের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
