ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কমপক্ষে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বুধবার দিনভর থেমে থেমে ভারী বর্ষণ ও যানবাহনের অতিরিক্ত চাপে ব্যস্ততম এ মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি, ক্যান্টনমেন্ট, আলেখারচর ও পদুয়ার বাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যানজট চলছিল।
বৃষ্টিতে ভিজে থানা ও হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্টরা যানজট নিরসনে চেষ্টা অব্যাহত রাখে। তবে বৃষ্টি ও যানজটের কারণে মহাসড়কে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সড়ক ও জনপথ বিভাগ মেঘনা গোমতী সেতুতে সংস্কার কাজ করায় যানজটের সূত্রপাত হয়।
এছাড়া জেলার দাউদকান্দির অধিকাংশ এলাকাজুড়ে চার লেনের কাজ চলছে। এতে নতুন ও পুরাতন সড়কে চার লেনের যানবাহনগুলো একই সাথে আসা-যাওয়া করছে। ফলে মেঘনা-গোমতী সেতুতে এক লেনে গাড়ি পারাপারের কারণে যানজট দীর্ঘ হচ্ছে। এদিকে ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় এবং চার লেনের নির্মাণ কাজ শেষ না হওয়ায় বিক্ষিপ্ত যানজট হচ্ছে। মহাসড়কে যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে।
হাইওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার রেজাউল করিম পিপিএম জানান, দিনভর বৃষ্টি জমে থাকা ও নির্মাণ সামগ্রীর জন্য মহাসড়কের কিছু অংশ খারাপ হয়ে পড়ায় যানবাহনের গতি কমে গেছে। এছাড়া ঈদ উপলক্ষে এমনিতেই মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গেছে। এসব কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।
