মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। মন্ত্রিসভাকে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে অবহিত করা হয় এবং মন্ত্রিসভা দেশবাসীর কাছে তাঁর আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করে। মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
ওবায়দুল কাদের হূদরোগে আক্রান্ত হয়ে রবিবার সকালে প্রথমে বিএসএমএমইউ’র আইসিইউতে ভর্তি হন। সেখান থেকে পরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। গতকাল তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শফিউল আলম বলেন, ওবায়দুল কাদেরের একটু উন্নতি হয়েছে, উনার পর্যবেক্ষণের জন্য বিখ্যাত কার্ডিওলজিস্ট ডা. দেবী শেঠিকে নিয়ে আসা হয়।
এদিকে এদিনের মন্ত্রিসভা ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আইন ২০১৯’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে। শফিউল আলম বলেন, এ সংক্রান্ত ১৯৮৩ সালের বিদ্যমান সামরিক অধ্যাদেশকে বাংলায় রূপান্তর করে এই খসড়া আইনটি অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, খসড়া আইন অনুযায়ী পূর্বের ১০ সদস্যের বোর্ডকে এখন ২০ সদস্যে উন্নীত করা হয়েছে, যার প্রধান হবেন যুব ও ক্রীড়া মন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি জার্মানি সফর এবং ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। এছাড়া মন্ত্রিসভাকে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ভারতের নয়াদিল্লীতে ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জয়েন্ট কনসালটেটিভ কমিশন এর ৫ম সভায় অংশ গ্রহণ সম্পর্কে অবহিত করা হয় । বৈঠকে মন্ত্রিসভাকে সিঙ্গাপুরে ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘থার্ড ফোরাম অফ মিনিস্টার্স এন্ড
এনভায়রনমেন্ট অথরিটিস অফ এশিয়া প্যাসিফিক’-এ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর অংশ গ্রহণ সম্পর্কে অবহিত করা হয়। এদিকে, বৈঠকের শুরুতে রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত ও ৫৫ জন আহত হওয়ায় শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। পরে পলান সরকার পরলোক গমন করায় অপর একটি শোক প্রস্তাবও মন্ত্রিসভায় গৃহীত হয়।
