জয়পুরহাটে প্রশিক্ষণপ্রাপ্ত হিজড়ারা স্বাভাবিক জীবনে ফিরছে

আপডেট : ১৬ জুলাই ২০১৫, ১২:২৯
জয়পুরহাটে হিজড়া জনগোষ্ঠী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণের পর স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছে।
 
জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্র জানায়, বিপুল সংখ্যক হিজড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষে বর্তমান আওয়ামী লীগ সরকার হিজড়া সম্প্রদায়কে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি প্রদান করে। সেই সঙ্গে তাদের পুনর্বাসনের লক্ষে উন্নয়ন পরিকল্পনাও  গ্রহণ করে সরকার। এর ধারাবাহিকতায় সম্প্রতি  জেলা সমাজসেবা অধিদপ্তর প্রথম ব্যাচে ৫০ জন হিজড়াকে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করে। ৫০ দিন ব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণের পাশাপাশি  উন্নত জীবন যাপনের বিভিন্ন দিক তুলে ধরে একটি কর্ম পরিকল্পনাও গ্রহণ করা হয়। কর্ম পরিকল্পনা অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত হিজড়ারা এখন আয় বর্ধনমূলক নানা কাজের সাথে নিজেদের সম্পৃক্ত করছে। এতে করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছে তারা। 
 
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয়ভাবে চাকরিসহ বিভিন্ন কাজে হিজড়াদের নিয়োগ করার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক নূর মোহাম্মদ। 
 
প্রশিক্ষণপ্রাপ্ত হিজড়াদের মধ্যে মালা ও আলী আজম জানান, আগে তারা নানা অপরাধমূলক কাজে জড়িত ছিলেন, বর্তমানে প্রশিক্ষণ গ্রহণের পর আয় বর্ধনমূলক কাজ শুরু করে স্বাভাবিক জীবন যাপন করছেন। এ ছাড়াও হিজড়া জনগোষ্ঠীর ভাতা হিসেবে গত ২০১৪-১৫ অর্থবছরে ৩৯ জনকে ২ লাখ ৩৪ হাজার টাকা ও শিক্ষা উপ-বৃত্তি হিসেবে ২ জনকে ১০ হাজার ৮শ টাকা প্রদান করা হয়েছে।