কানাডা ও ইউক্রেনের অবাধ বাণিজ্য চুক্তি ঘোষণা

আপডেট : ১৬ জুলাই ২০১৫, ১৭:৫৬
 
কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ’ অবাধ বাণিজ্য চুক্তির ঘোষণা করেছেন। ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনুকের অটোয়া সফরের প্রেক্ষাপটে এ ঘোষণা দেয়া হয়েছে।
 
হার্পার এক বিবৃতিতে বলেন, চুক্তি শিগগিরই বাস্তবায়িত হবে। তবে এই চুক্তি উভয় দেশের পার্লামেন্টে অনুমোদন করিয়ে নিতে হবে। কানাডা সরকারের এক মূল্যায়নে বলা হয়েছে, চুক্তির ফলে কানাডার জিডিপি ২ কোটি ৯২ লাখ কানাডীয় ডলার এবং ইউক্রেনের জিডিপি ১ কোটি ৮৬ লাখ কানাডীয় ডলার বেড়ে যাবে।
 
হার্পার বলেন, ‘কানাডা-ইউক্রেনের অবাধ বাণিজ্য চুক্তি আমাদের দুই দেশের গুরুত্বপূর্ণ সম্পর্কে আরেকটি মাইলফলক।’
 
চুক্তির আওতায় কানাডা ইউক্রেন থেকে আমদানি করা পণ্যের ৯৯ শতাংশ ট্যারিফ হ্রাস করবে এবং ইউক্রেনে রপ্তানি ৪ কোটি ১২ লাখ কানাডীয় ডলার বৃদ্ধি করবে। সূত্র: এএফপি