খুলনার সুন্দরবন সংলগ্ন পাইকগাছা উপজেলার গুণখালী নদীতে দেড় মণ ওজনের একটি ডলফিনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গুনখালী নদী থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। খাদ্য ও অভয়াশ্রমের অভাবে ডলফিনের মৃত্যু ঘটতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের কাঠামারী বাজার সংলগ্ন গুণখালী নদীতে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে দেড় মণ ওজনের একটি মৃত ডলফিন ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয় কাঠামারী খেয়াঘাটের মাঝি ঈমান আলী গাজী মৃত ডলফিনটি উদ্ধার করেন।
বিষয়টির সত্যতা স্বীকার করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস.এম রাসেল জানান, গত কয়েক বছরে সুন্দরবন সংলগ্ন ডলফিন বিচরণ ক্ষেত্রগুলো সংকচিত হয়ে এসেছে। এ কারণে এ এলাকার ডলফিনসহ অন্যান্য জলজ প্রাণি হুমকির মুখে রয়েছে। এছাড়া গত এক মাসের ভারি বর্ষণে নদ-নদীগুলোর লবণাক্ততা অস্বাভাবিকভাবে কমে যাওয়া এবং খাদ্যাভাবে ডলফিনটির মৃত্যু হতে পারে বলে মৎস্য বিভাগের এ কর্মকর্তা ধারণা করছেন।
এদিকে, বন বিভাগ বা মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট কোন কর্তৃপক্ষ উদ্ধারকৃত ডলফিনটি হেফাজতের উদ্যোগ না নেয়ায় স্থানীয় লোকজন সেটিকে কেটে ভাগাভাগি করে নিয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। যদিও বন বিভাগ বলছে, স্থানটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় সেখানে পৌঁছার আগেই তা ভাগ হয়ে গেছে।
