নগরীর শিরোমনি এলাকায় কেডিএ’র জমিতে ইমারত নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে আর্মড পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার নগরীর খানজাহান আলী থানা এলাকার জাব্দীপুরের বাসিন্দা মো. শাকিল আহম্মেদ মহানগর হাকিমের আমলী আদালত ‘ঘ’ অঞ্চলে মামলাটি দায়ের করেন। মামলায় শিরোমনিস্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের এসপি হারুন-অর-রশীদসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, শিরোমনিস্থ কেডিএ প্লটে স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান মোড়লের জমি কবলা দলিল মূলে ক্রয় করেন শাকিল আহম্মেদ। জমিতে ইমারত নির্মাণ করতে গেলে বাধা দেন আমর্ড পুলিশের এসপি। বিষয়টি কেডিএ’র চেয়ারম্যানকে জানালে তিনি ইমারত নির্মাণের কাজ চালিয়ে যেতে বলেন। সে অনুযায়ী নির্মাণ কাজ করতে গেলে গত ৪ জুলাই আর্মড পুলিশের হামলায় আজিজুর রহমানের পরিবারের চার সদস্য গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী পরের দিন ৫ জুলাই আর্মড পুলিশের বিরুদ্ধে যশোর রোডস্থ ইউনিলিভার গোডাউনের সামনে দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় এসপি’র নির্দেশে তাদের ওপর লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। হামলায় ঘটনা ধারণের সময় স্থানীয় দুটি পত্রিকার ফটোসাংবাদিক গুরুতর আহত হন।
মামলার আসামিরা হলেন, শিরোমনিস্থ ৩য় আর্মড ব্যাটালিয়নের এসপি হারু-অর-রশিদ, পরিদর্শক সাবদার হোসেন, আজিজ, সুবেদার মুজিবর রহমান, সিরাজ, এস আই মতিয়ার রহমান, হাবিলদার মিন্টু, মোস্তাফিজ, নূর আহম্মদ, কনস্টেবল মিজানুর রহমান মিজান, আর পি হাবিলদার জাহাঙ্গীর, নায়েক রিপন, সিপাহী মেহেদী, হজরত ও মাসুদ রানা।
আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন। আদালত আগামী ১২ আগস্ট মামলার পরবর্তী দিন ধার্য করেছে।
