ইয়াবা ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশসহ আহত ৩

আপডেট : ১৬ জুলাই ২০১৫, ২০:৫৪
জেলার টেকনাফ উপজেলায় ইয়াবা ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশসহ তিনজন আহত হয়েছেন। এ সময় ইয়াবা ব্যবসায়ীরা পুলিশ বহনকারী টহল গাড়িটি ভাঙচুর করেছে।
 
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীপাড়ার চৌ-রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
 
 
আহতরা হলেন, টেকনাফ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম (৩৮), কনস্টেবল নিখিল বড়ুয়া (২৭) ও স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান (৩৫)।
 
কয়েকজন এলাকাবাসী জানান, স্থানীয় বাসিন্দা মো. জামাল হোসেন ও করিম উল্লাহের মধ্যে র্দীঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। তারই সূত্র ধরে এটি ঘটেছে। পুলিশের উপর হামলাকারী করিম উল্লাহ ও বেলাল এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে উপজেলার হ্নীলার আলী আকবরপাড়ার মো. জামাল হোসেনের মালিকাধীন মৌলভীপাড়ার চৌরাস্তার মাথায় দুটি দোকানে হামলা ও লুটপাট চালায় একই এলাকার ইয়াবা ব্যবসায়ী করিম উল্লাহ ও বেলালসহ ৮-১০ জনের একটি দল। এ সময় দোকানের কর্মচারীরা বাধা দিলে ওই দলটি তাদের মারধর করে।’
 
তিনি আরো জানান, একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশের উপর লোহার রড, লাটিসোঁঠা ও ইট পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের বহনকারী গাড়িটি ভাঙচুর চালায়। এ ঘটনায় দুই পুলিশসহ তিনজন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
 
ওসি আরো জানান, এ ঘটনায় সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের মামলা হচ্ছে। হামলাকারীরা পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তাদেরকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।