ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের বৈঠক এড়িয়ে গেছেন কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। রাষ্ট্রপতির দেয়া ইফতার পার্টিকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সন্ধ্যায় ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা করতে বৈঠকটি ডেকেছিলেন। খবর- আনন্দবাজার পত্রিকার।
কিন্তু জমি বিল নিয়ে বিরোধের সূত্র ধরে দিল্লিতে উপস্থিত থাকার পরও সকাল-সন্ধ্যা দুবারই বৈঠকে অনুপস্থিত থাকেন আসাম, মিজোরাম, মেঘালয়, মনিপুর, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা।
তবে মিজোরামের অর্থমন্ত্রী বৈঠকে ছিলেন। ছিলেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী টি আর জেলিয়াং, সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। বৈঠকে নরেন্দ্র মোদী ছাড়াও ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া।
গত মাসে উত্তর-পূর্বের রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের পক্ষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। তখনই তিনি সিকিমসহ উত্তর-পূর্বের আট মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের অনুরোধ জানান। কিন্তু সোনিয়া গান্ধীর ডাকে দিল্লিতে হাজির হলেও কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর বৈঠকটি বয়কট করেন।
