ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর জেলার কালিয়াকৈরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নাটিয়াপাড়া পর্যন্ত ৫০ কি. মি. মহাসড়ক জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত আটটার পর থেকে এ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ঈদে ঘরমুখো মানুষের অসহনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এক দিকে বৃষ্টি অপর দিকে মহাসড়কে যানজট হওয়ায় যাত্রীদের দুর্ভোগের শেষ নেই বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
শুক্রবার মহসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ভয়াবহ যানজট। গোড়াই হাইওয়ে থানার ওসি মো. হুমায়ূন কবীর জানান, গতকাল বৃহস্পতিবার থেকে এ মহাসড়কে যানবাহনের চাপ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় যানজটের সূত্রপাত হয়। বিশেষ করে উত্তরাঞ্চলের ২২টি জেলার এবং টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর জেলার যানবাহন ২০-৩০ গুণ বেড়ে যাওয়ায় যানজট নিরসনের জন্য তাদের হিমশিম খেতে হচ্ছে। ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজট তীব্র থেকে তীব্র হচ্ছে। টাঙ্গাইল থেকে রাজধানী ঢাকা যাওয়ার দেড় ঘণ্টার পথ পাড়ি দিতে যাত্রীদের ১০-১৫ ঘণ্টা লাগছে বলে অভিযোগ করেছে। চন্দ্রা, কালিয়াকৈর, বোর্ডঘর, স্কয়ার, ক্যাডেট কলেজ, গোড়াই, ধেরুয়া, দেওহাটা, মির্জাপুর বাইপাস, কুরনী, কদিমধল্যা, পাকুল্যা, নাটিয়াপাড়া ও করটিয়া বাইপাস পর্যন্ত এই ৫০ কি. মি. এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন মাইন বলেন, যানজট নিরসনের জন্য টাঙ্গাইল জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, আনসার বাহিনী, র্যাব, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, কমিউনিটি পুলিশসহ পুলিশের প্রায় ৫শতাধিক সদস্য যানজট নিরসনের জন্য দিন রাত দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রামমান ম্যাজিস্ট্রেট টিম কাজ করে যাচ্ছে।
