রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮টায় হবে এই ঈদ জামাত। অন্যদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ জাতীয় ঈদগাহ ময়দানে জামাতে অংশ নেবেন।
সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা জালালুদ্দিন আল কাদেরী।
ইসলামিক ফাউন্ডেশন এই তথ্য জানিয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় ঈদের জামাতগুলো হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদের জামাত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও ৯টায় দু’টি ঈদ জামাত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল মেইন গেট সংলগ্ন মাঠে সকাল ৮টায় এবং শহীদুল্লাহ হল লনে একই সময়ে অপর দু’টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ঈদ জামাত হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে।
